আগামী তিন দিন অর্থাৎ রবি থেকে মঙ্গলবার (২৮ থেকে ৩০ জুলাই) পর্যন্ত সরকারি অফিসগুলো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। মঙ্গলবারের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলে জানান জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (২৭ জুলাই) বিকালে জনপ্রশাসনমন্ত্রী কয়েকজন সাংবাদিককে এ তথ্য জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে অফিস।